এভারকেয়ারে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি শুরু

ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এ কর্মসূচির আওতায় নারীরা হাসপাতালের ব্রেস্ট ক্লিনিক ও মাস্টার হেলথ চেক ইউনিটে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। পরীক্ষার মধ্যে থাকবে প্রাথমিক শারীরিক পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ।

স্তন ক্যানসার নারীদের মধ্যে একটি সাধারণ রোগ। প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা গেলে জীবন রক্ষার সম্ভাবনা বাড়ে। এ বিষয়টি সামনে রেখে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, বেশির ভাগ ক্ষেত্রে স্তন ক্যানসার দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসা জটিল হয়ে পড়ে। অথচ নিয়মিত স্ব-পরীক্ষা ও বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা অনেক নারীর জীবন বাঁচাতে পারে। এভারকেয়ার এই উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার বার্তা দিতে চায়।

হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, প্রতিটি নারী যেন নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দেন, সেটিই তাদের প্রত্যাশা। পরিবার, কাজ ও সামাজিক ব্যস্ততার কারণে অনেক নারী নিজের স্বাস্থ্যের দিকে যথাযথ মনোযোগ দিতে পারেন না। অথচ সুস্থ থাকাটাই পুরো পরিবারের শক্তি। এ উদ্যোগ নারীদের স্বাস্থ্যসচেতনতা ও নিজের প্রতি যত্নশীল হওয়ার পথে এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এভারকেয়ার হসপিটালসের গ্রুপ মেডিক্যাল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, স্তন ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া এবং সময়মতো সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করা হচ্ছে। তার মতে, প্রাথমিক শনাক্তকরণ ও সচেতনতাই ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম শক্তিশালী হাতিয়ার। নারীদের সুস্থতা নিশ্চিত করতে হাসপাতালটি সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

হাসপাতালের বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১২ হাজারের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাদের বড় একটি অংশ রোগের একেবারে শেষ পর্যায়ে চিকিৎসা নিতে আসেন। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধি ক্যানসার মোকাবিলায় অত্যন্ত কার্যকর।

এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্বমানের চিকিৎসা, অত্যাধুনিক রোগ নির্ণয় সুবিধা, অভিজ্ঞ অনকোলজিস্ট এবং ব্যক্তিকেন্দ্রিক সেবার মাধ্যমে নারীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে।