চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলা, পরোয়ানাভুক্ত ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) চন্দনাইশ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের রামুর মো. সাজ্জাদ হোসেন (২৬), দোহাজারী পৌরসভার চাগাচর এলাকার মুহাম্মদ রফিক, মহেশখালীর মো. শহিদুল্লাহ (৪০) এবং জোয়ারা ইউনিয়নের আইয়ুব মিয়া (২৬) ও মো. সেলিম (৩০)।
পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনকে মাদক মামলায় (মামলা নং-০৭/২৬), মুহাম্মদ রফিককে বিদ্যুৎ আইনের ৩টি সিআর পরোয়ানায়, শহিদুল্লাহকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় এবং আইয়ুব মিয়া ও সেলিমকে মোবাইল কোর্টে পৃথক মামলায় মাদক সেবনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার মামলায় গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।