জামালপুরে বিলে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সঙ্গে আলাইবিলে গোসল করতে নেমে রাতুল (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা আলাইবিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাতুল উপজেলার পচাবহলা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা আলালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে আলাইবিলে গোসল করতে নামে রাতুল। গোসল শেষে তার বন্ধুরা পানি থেকে উঠে এলেও রাতুল আর উঠে আসেনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিলের পানিতে তাকে খুঁজতে শুরু করেন।

এদিকে, ইসলামপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, উপজেলায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি জেলা সদরে জানানো হয়েছে। সেখান থেকে দ্রুত উদ্ধার কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নিখোঁজ শিশু রাতুলকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তার স্বজন ও স্থানীয় লোকজন।