জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ওই গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিয়ে আতাউর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে তার ছোট ভাই ফরহাদ হোসেন গুরুতর আহত হন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জামালপুরে তরুণদের মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণ
জামালপুরে জাবিপ্রবির সঙ্গে পাঁচ প্রতিষ্ঠানের সমঝোতা