শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র উদ্ধার

শেরপুরে নিখোঁজের একদিন পর মহিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্রাবাস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

উদ্ধার হওয়া মহিবুল জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল স্কুলে না গিয়ে বাড়িতেই ছিল সে। বিকেল ৪টার দিকে তাকে বাড়িতে রেখে বাইরে যান তার মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

রাত গভীর হলেও মহিবুল বাড়িতে ফিরে না আসায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। একই সঙ্গে মহিবুলের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন পরিবারের সদস্যরা।

এদিকে, একটি চক্র মহিবুলকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের সদস্যদের ফোন করে টাকা দাবি করে। ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে ওই চক্রের দেওয়া নম্বরে প্রাথমিকভাবে ২৪ হাজার টাকা পাঠান মহিবুলের বাবা কলেজশিক্ষক শাহীনুর ইসলাম।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ। পরে রোববার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্রাবাস থেকে মহিবুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, কয়েক দিন আগে মহিবুল নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিয়েছিল। ফল প্রকাশের আগে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল।

তিনি আরও জানান, মহিবুলের পরিবারের পক্ষ থেকে ওই চক্রের বিষয়ে থানায় অভিযোগ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে জেলা পুলিশ।