মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা গরুর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।