গাড়ি চড়লে বমি পেলে কী করবেন

অনেকে আছেন, গাড়ি বা বাসে উঠলেই গা গুলিয়ে ওঠে, বমি পায়। শরীরে এক অস্বস্তি কাজ করে। যাকে বলে মোশন সিকনেস। অনেকের আবার গাড়ি চলতে থাকলে মাথা ঘোরে। আবার কারও দীর্ঘক্ষণ বসে থাকার পরে বমি পায়। হজম সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে এটা ঘটতে পারে। আসলে সেনসরি রিসেপ্টরগুলোর মধ্যে যোগাযোগের কোনো অসামঞ্জস্যতা হলে এমনটা হয়। এ ক্ষেত্রে কী করবেন জেনে নিন।

মোশন সিকনেস হলে আপনাকে সঠিক সিটে বসতে হবে। গাড়ির সামনে, চালকের পাশের সিটে বসুন। পাশাপাশি সোজা তাকিয়ে থাকুন। এতে আপনার চোখ যা দেখে, পেশিগুলোও তাই অনুভব করে এবং অন্তঃকর্ণও মস্তিষ্কে সঠিক সিগন্যাল পাঠায়। গাড়িতে মোবাইল ব্যবহার না করাই ভালো। গাড়ি চলার সময়ে আপনি যদি মোবাইল ঘাঁটেন, তখন শরীর বুঝতে পারে না ঠিক কী ঘটছে। তখন চোখ মস্তিষ্কে সঠিক সিগন্যাল পাঠাতে পারে না। তাই মোবাইল না ঘেঁটে রাস্তার সৌন্দর্য দেখুন।  

গাড়িতে যাওয়ার সময়ে মুখের মধ্যে এক টুকরো আদা রাখতে পারেন। আদা বমি বমি ভাব বা গা গোলানোর মতো লক্ষণ নিয়ন্ত্রণ করে। এ ছাড়া পুদিনার তৈরি চকলেটও মুখে রাখতে পারেন। লং ড্রাইভে গেলেই যদি বমি হয়, তা হলে হালকা খাবার খেয়ে গাড়িতে উঠুন। ভারী খাবার এড়িয়ে চলুন। যাত্রা বিরতিতে কিছু খেতে চাইলে হালকা কিছু খান। এতে অস্বস্তি ও বমি বমি ভাব অনেকাংশে এড়াতে পারেন। যখনই মোশন সিকনেস হবে, চোখ বন্ধ করে বসে থাকুন। প্রয়োজনে গান শুনতে পারেন। এতে মোশন সিকনেসের লক্ষণগুলো সহজেই এড়াতে পারবেন। মোশন সিকনেস হলে সেটা নিয়ে তখন বেশি ভাববেন না। বরং ওই সময়ে জানলার কাচ নামিয়ে দিন। বাইরের সতেজ বাতাস খান। সেই সঙ্গে গান শুনুন। পাশে বসে থাকা ব্যক্তির সঙ্গে গল্পও করতে পারেন।