মায়ামিতে মেসির জোড়া

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি তুলে রাখার চার দিন বাদেই গোলাপি জার্সিতে ফিরে সেই পুরনো আলোটাই ছড়ালেন লিওনেল মেসি। করলেন জোড়া গোল। সঙ্গে জোড়া মিলিয়েছেন লুইস সুয়ারেজও। তাতেই ডি.সি. ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে টানা পাঁচ ম্যাচের জয়হীন বন্দিদশা থেকে বেরিয়ে এলো লিগের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি।

রবিবার ঘরের মাঠ নু স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে স্বাগতিকরা। টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ক্লান্তি দূর করতে যেন শুরু থেকেই মরিয়া ছিল মায়ামি। ম্যাচের তৃতীয় মিনিটে জার্মান বেরতেরামের সহায়তায় সুয়ারেজ জাল খুঁজে নিলে তৈরি হয় জয়ের ভিত। পরে ৩৯ মিনিটে মেসির নেওয়া জোরালো শট প্রতিপক্ষ গোলরক্ষক শন জনসন কোনোমতে ফিরিয়ে দিলেও ফিরতি বলে সুয়ারেজ নিজের জোড়া গোল পূর্ণ করেন।

পরে দ্বিতীয়ার্ধে খুলে যায় মেসি-অধ্যায়ের নতুন পাতা। ৪৭তম মিনিটে সুয়ারেজ-মেসির চিরচেনা রসায়নে দ্বিতীয় পোস্টের কাছে নেওয়া আলতো ট্যাপ-ইনে স্কোরবোর্ড ৩-০ করেন ৩৯ বর্ষীয় মহাতারকা। এর ঠিক ১৩ মিনিট পর ডি পলের পাস ধরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ের জাদুতে পরাস্ত করে ১২ গজ দূর থেকে জাল খুঁজে নেন তিনি। এই জয়ে দলের টানা জয়খরা কাটার পাশাপাশি নতুন আলবিসেলেস্তে কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসও পেলেন মায়ামির হয়ে প্রথম লিগ জয়ের স্বাদ।

দেশের হয়ে দীর্ঘ ২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ক্লাব ফুটবলে মেসির এমন অপ্রতিরোধ্য উপস্থিতি মায়ামির জন্য বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সপ্তাহখানেক আগে এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে মায়ামি কোচ গঞ্জালেস বলেছিলেন, ‘আর্জেন্টিনার জার্সিতে তাকে সবাই মিস করবে, তা নিয়ে কোনো সংশয় নেই। তবে সে এখন পুরোপুরি আমাদের সঙ্গে আছে এবং ইন্টার মায়ামির হয়ে ফুটবল মাঠে তার এই উপস্থিতিটা আমাদের দারুণভাবে উপভোগ করা উচিত।’ মেসিতে কার্যত অর্থেই পুরো মায়ামিকে উপভোগ করালেন ফুটবলটা।

এই জোড়া গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে ১,১৭৯ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৯৩৪-এ। এই মুহূর্তে সর্বকালের সর্বোচ্চ সংগ্রাহক ক্রিশ্চিয়ানো রোনালদোর (৯৮০ গোল) চেয়ে তিনি এখন মাত্র ৪৬ গোল দূরে। পাশাপাশি ফ্রি-কিকে সর্বকালের সেরা মার্সেলিনহো কারিওকার (৭৮ গোল) রেকর্ড স্পর্শ করতে আর মাত্র দুটি গোল প্রয়োজন মেসির।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচে ১৪টি গোলের অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রেখেছেন এই মহাতারকা। চলতি মৌসুমে ২৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার ওপরে থাকা এই ফরোয়ার্ড স্পর্শ করেছেন টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের অনন্য মাইলফলক। একই সঙ্গে এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা।