জিতলেই মিলত এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ফিলিপাইনের কাছে পেরে উঠল না বাংলাদেশ। ৭৩ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে আটকে রেখেও শেষ রক্ষা হয়নি সাইফুল বারী টিটুর দলের। শেষ দিকে ৩ গোল হজম করে বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হলো আলপি-ফাতেমাদের।
রবিবার উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এইচ-গ্রুপে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে অভিযান শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।