‘মেয়েদের খেলায় বাধা, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না’

সুনামগঞ্জের দিরাইয়ে সম্প্রতি বাধার মুখে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। একই সঙ্গে খেলোয়াড়দের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে দ্রুততম সময়ে স্থগিত ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়েছে তারা।

রবিবার বিকেলে ঢাকার ধানমন্ডিতে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। নারী খেলোয়াড়দের অধিকার সুরক্ষা এবং খেলাধুলায় নারীদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সংস্থার কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘প্রান্তিক পরিবারের মেয়েরা নানা প্রতিকূলতা ও সামাজিক রক্ষণশীলতা অতিক্রম করে খেলাধুলায় নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাদের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া যায় না।’ শুক্লার কথা, ‘নতুন বাংলাদেশে এই ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির মাধ্যমে নারীদের অগ্রযাত্রা রুদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।’ দিরাইয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ম্যাচটি পুনরায় আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান  তিনি।