ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর : রশিদুজ্জামান মিল্লাত

সামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন বিমানের ঢাকা থার্ড টার্মিনাল উদ্বোধনের পর সামনে ১০ বছর চলা যাবে। এরপর একটি বিশ্বমানের নতুন বিমানবন্দর প্রয়োজন হবে। সেই বিমানবন্দরটি যাতে ময়মনসিংহের ত্রিশালে হয় সে ব্যবস্থা করব আমি। বিমানের বহরে ২০০ বিমান যুক্ত করে খালি শ্লটগুলোতে বিমানের ফ্লাইট পরিচালনা করবেন বলেও জানান তিনি।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের একটি হোটেলে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী।

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন সভাপতিত্ব করেন।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য যে প্ল্যান নিয়ে এসেছেন তা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীসহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে—কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

বিমানমন্ত্রী আরও বলেন, আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্দেশ দিয়েছি,  দুর্গাপুজায় কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহণ করার জন্য।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, আবু ওয়াহাব আকন্দ, লুৎফুল্লাহেল মাজেদ, মসিকের নির্বাহী প্রধান সুমনা আল মজিদসহ কর্মকর্তারা বক্তব্য দেন।