বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করেন বাইশারী ইউনিয়নের আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশর।
ঘটনাসূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের বিষয়টি আবুল বশরের নজরে আসে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। তাঁর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানকারী দল মোটরসাইকেলটির গতিরোধের চেষ্টা করে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক সেটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মোটরসাইকেলটি ডিসকাভার ১২৫ সিসি মডেলের। উদ্ধার করা ইয়াবার আনুমানিক জব্দমূল্য প্রায় ৬ লাখ টাকা।
মাদকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজার এলাকায় মাদক উদ্ধারের এ ঘটনা মাদক পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা, গোপন তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি দেশের সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার একটি উল্লেখযোগ্য উদাহরণ।