সান্তিয়াগো বার্নাব্যুতে নাথান সালিবার চুল টেনে ভিনিসিয়ুসের মাঠ ছাড়ার বিতর্ক গড়িয়েছে এবার মার্ক কুকুরেয়ার চুলে! সতীর্থের এমন কড়া শাস্তিতে ভিএআর ও ম্যাচ অফিশিয়ালদের ওপর মাঠেই বেজায় চটেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। নিজের মাথা ভর্তি ঝাঁকড়া চুলের উদাহরণ টেনে এনে সহকারী রেফারির দিকে আঙুল উঁচিয়ে প্রতিবাদ করেছিলেনতিনি।
গত শনিবার রাতের ম্যাচের ৭২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সরাসরি লাল কার্ডের ফলে পুরো স্টেডিয়ামে মুহূর্তেই তৈরি হয় বিষাক্ত এক পরিবেশ। প্রতিপক্ষ ডিফেন্ডার নাথান সালিবার চুল টানার অভিযোগে ভিএআর প্রযুক্তির হস্তক্ষেপে ভিনিসিয়ুসকে মাঠ ছাড়তে বাধ্য হলে সাইডলাইনে শুরু হয় হুলুস্থুল কাণ্ড।
ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ ইয়ান দিওমান্দের করা গোলের সুবাদে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়লেও, আলোচনা কুকুরেয়ার সেই বিস্ফোরক আচরণ।
সতীর্থ ফরোয়ার্ডের প্রতি এমন কড়া শাস্তির ক্ষোভে মেজাজ হারিয়ে সোজা সহকারী রেফারির দিকে এগিয়ে যান কুকুরেয়া। তর্জনী উঁচিয়ে লাইন্সম্যান ফ্রান্সিসকো গার্সিয়ার মুখের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে রিয়াল সতীর্থ বার্নার্দো সিলভা এবং ক্লাব ডেলিগেট চেন্দো দ্রুত ছুটে এসে টেনেহিঁচড়ে কুকুরেয়াকে শান্ত করার চেষ্টা করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট ডিএজেডএন ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ে কুকুরেয়ার সেই বিস্ফোরক ও উত্তপ্ত বাক্যবিনিময়। সেই মুহূর্তে কুকুরেয়া সরাসরি চিৎকার করে বলেন, ‘আমি আশা করি... আমি আশা করি যদি কেউ আমার একটা চুলেও হাত দেয়, তবে তাকেও আপনি লাল কার্ড দেখাবেন। গিয়ে ভিএআর চেক করুন।’