আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভার জহুরি মানা হয়। সেই মেসি যখন নিজের চোখে বিশ্বের সেরা ১০ উদীয়মান তরুণ ফুটবলারকে বেছে নেন, তখন ফুটবল বিশ্বের কৌতুহল আকাশ ছোঁয়া। কারণ, লামিন ইয়ামাল কিংবা নিকো পাজ, একসময় এরাই দাপিয়ে বেড়াবেন ফুটবল বিশ্ব এমন বার্তা এসেছিল ফুটবলের মহানায়কের তরফ থেকেও।
তারই ধারাবাহিকতায় ক্রীড়াসামগ্রী ব্র্যান্ড অ্যাডিডাসের ‘মেসি +১০’ ক্যাম্পেইনের তৃতীয় মৌসুমে নিজের পছন্দের ১০ উদীয়মান ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন এলএম১০। তবে বোকা জুনিয়র্সের টমাস আরান্দা ছাড়া আর কোনো আর্জেন্টাইনের জায়গা না হওয়া এই তালিকায় যোগ করেছে এক ভিন্ন রোমাঞ্চ।
রবিবার নিজেদের অফিশিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিশেষ ক্যাম্পেইন ভিডিওর মাধ্যমে এই ১০ উদীয়মান তারকার নাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে অ্যাডিডাস ফুটবল।
ভিডিওর ক্যাপশনে অ্যাডিডাস ফুটবল উল্লেখ করে, ‘একটি উত্তরসূরি গড়ে তোলার ভিত্তি। এখানে শুরু হচ্ছে নতুন অধ্যায়। 'মেসি +১০' ক্যাম্পেইনের তৃতীয় মৌসুমের উদীয়মান তারকাদের সঙ্গে পরিচিত হয়ে নিন।’
মেসির বেছে নেওয়া এই ১০ জনের দলে রয়েছেন ৭ জন পুরুষ এবং ৩ জন নারী ফুটবলার। তালিকার সবচেয়ে বড় আকর্ষণ আর্সেনালের মাত্র ১৬ বছর বয়সী ইংলিশ খুদে বিস্ময় ম্যাক্স ডাওম্যান। তবে ব্রাজিল, স্পেন কিংবা মেক্সিকোর আধিপত্যের মাঝে আর্জেন্টিনা থেকে ঠাঁই পেয়েছেন কেবল বোকা জুনিয়র্সের তরুণ সেনসেশন টমাস আরান্দা।
একক আর্জেন্টাইন হিসেবে এই অনন্য তালিকায় জায়গা পাওয়া আরান্দাকে নিয়ে বোকা জুনিয়র্স ও আলবিসেলেস্তে সমর্থকদের কৌতুহলের শেষ নেই। বোকা জুনিয়র্সের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার নিজের দুর্দান্ত বল কন্ট্রোল, চমৎকার ভিশন এবং বয়সের তুলনায় পরিণত খেলার জন্য নজর কেড়েছেন সবার। নিজ দেশের অসংখ্য তরুণ প্রতিভাকে পেছনে ফেলে জাতীয় দলের অধিনায়কের বিশেষ পছন্দের তালিকায় ঠাঁই পাওয়া আরান্দাকেই এখন আর্জেন্টিনার ফুটবলের পরবর্তী বড় কাণ্ডারি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
এছাড়া মেক্সিকান ক্লাব টিজুয়ানার উদীয়মান তারকা জিলবার্তো মোরাও জায়গা করে নিয়েছেন মেসির পছন্দের তালিকায়। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছেন এই মেক্সিকান তরুণ। তালিকাভুক্ত অন্য পুরুষ ফুটবলাররা হলেন, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের ট্র্যাকিয়ান তারকা জান উজুন, ক্রিস্টাল প্যালেসের হাভিয়ের গুজু, ইতালিয়ান ক্লাব কোমোর হেসুস রদ্রিগেস এবং এজেড আলকমারের ডাচ তরুণ কিস স্মিট।
মেসির অনুপ্রেরণাদায়ী এই তালিকায় নারীদের মধ্যে জায়গা করে নিয়েছেন চেলসির চেলসি সারয়, অলিম্পিক লিওঁর ব্রাজিলিয়ান তরুণী জোভানা ওয়াক্সম্যান এবং হামবুর্গের জার্মান তারকা লোটা ফ্রিডে।
ফুটবলের ভবিষ্যৎ তারকাদের অনুপ্রাণিত করতে ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘মেসি +১০’ ক্যাম্পেইনের প্রথম অধ্যায়, যেখানে জায়গা পেয়েছিলেন বার্সেলোনার বর্তমান তারকা লামিন ইয়ামাল। পরবর্তীতে ওই বছরের অক্টোবরে দ্বিতীয় মৌসুমে নিকো পাজ, রিও নগুয়ামোহার মতো প্রতিভারা আলো ছড়িয়েছিলেন।
এক নজরে তালিকা আকারেও দেখে নিন মেসির বাছাই করা ১০ উদীয়মান তারকারদের:
১. টমাস আরান্দা (আর্জেন্টিনা – বোকা জুনিয়র্স)
২. জান উজুন (তুরস্ক – আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
৩. জিলবার্তো মোরা (মেক্সিকো – টিজুয়ানা)
৪. ম্যাক্স ডাওম্যান (ইংল্যান্ড – আর্সেনাল)
৫. হাভিয়ের গুজু (যুক্তরাষ্ট্র – ক্রিস্টাল প্যালেস)
৬. হেসুস রদ্রিগেস (স্পেন – কোমো)
৭. কিস স্মিট (নেদারল্যান্ডস – এজেড আলকমার)
৮. চেলসি সারয় (ইংল্যান্ড – চেলসি)
৯. জোভানা ওয়াক্সম্যান (ব্রাজিল – অলিম্পিক লিওঁ)
১০. লোটা ফ্রিডে (জার্মানি – হামবুর্গ)
শান্ত-হাসানদের প্রশংসায় পঞ্চমুখ রমিজ রাজা