আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪ শত রোগী

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সাহেববাড়িতে নলতা কেন্দ্রীয় আহ্‌ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক ও সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্জ আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

ফিরোজা মজিদ ট্রাস্টের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ডা. আকছেদুর রহমানের নেতৃত্বে ডা. শেখ রিহাদ রানা ও ডা. সাদিয়া আলমসহ তিনজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

MixCollage-12-Oct-2026-04-45-PM-6083

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় রোভার লিডার আবু তালেবের নেতৃত্বে রোভার স্কাউটের সদস্যরা সহযোগিতা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীন।

ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ বলেন, 'এটি ফিরোজা মজিদ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ১৫তম ফ্রি মেডিকেল ক্যাম্প। এ অঞ্চলের নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য চিকিৎসাসেবার সুযোগ অত্যন্ত সীমিত। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে আমরা স্থানীয় মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

আলহাজ্জ আব্দুল মজিদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, 'তিনি এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার অবদান স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তার উদ্যোগ ও সহযোগিতায় হাসপাতাল, পোস্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও সড়ক নির্মাণের মতো গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে যায়।'

ইকবাল মাসুদ আরও বলেন, আলহাজ্জ আব্দুল মজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরোজা মজিদ ট্রাস্টের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে একদিকে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন, অন্যদিকে আলহাজ্জ আব্দুল মজিদের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবিক আদর্শকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।