রাজবাড়ীতে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে থেকে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

আটক ব্যক্তিরা হলেন—যশোর জেলার বেনাপোল থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের কাওসার আলীর ছেলে আরমান হোসেন ইউনুস (৩০) ও কাগমারী গ্রামের মালেক মোড়লের ছেলে আরিফ হোসেন (৩২)।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় ফেরি পার হয়ে যশোরগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে থাকা চালক, সহযোগী ও অন্য আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাঁদের আটক করে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ১৫টি ইয়াবা ট্যাবলেটের প্যাকেট থেকে ৩০ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।

পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।