মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে পাড়ি জমালেন সংগীতশিল্পী, অভিনেতা রুশনাফ ওয়াদুদ ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বনানীর বাসায় তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন।
রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন। গাওয়ার পাশাপাশি গীতিকার হিসেবে প্রশংসা পেয়েছেন। পরবর্তী সময়ে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেছেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।
আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’–এ ‘নগণ্য মানুষ’ শিরোনামেও গান গেয়েছেন রুশনাফ। সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন তিনি। রুশনাফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও শ্রোতাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।