৪৮ বছর পর.. কিরমানির পাশে লাবুশেন

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এক অদ্ভুতুড়ে ও বিরল রেকর্ডের সাক্ষী হলেন অস্ট্রেলীয় ব্যাটার মার্নাস লাবুশেন। এক টেস্ট  দুই ইনিংসেই হুবহু একই রান এবং একইসংখ্যক বল খেলে আউট হয়ে প্রায় ৪৮ বছর আগের এক বিরল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ও দ্বিতীয়—দুই ইনিংসেই ৩৭ রান করে আউট হন লাবুশেন। আশ্চর্যজনক বিষয় হলো, দুই ইনিংসেই ৩৭ রান করতে তিনি সমান ৫৮টি করে বল মোকাবেলা করেছেন।
 
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এমন অবিশ্বাস্য কাকতালীয় ঘটনার নজির মাত্র একটিই রয়েছে। ১৯৭৭-৭৮ মৌসুমে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সৈয়দ কিরমানি দুই ইনিংসেই সমান ৬২ বলে ২৯ রান করে আউট হয়েছিলেন। 
সৈয়দ কিরমানি সমান বলে সমান রান করেছিলেন দুই ইনিংসে। ফাইল ছবি

সৈয়দ কিরমানি (১৯৭৭-৭৮) ─────────> ২৯ রান (৬২ বল) [১ম ইনিংস] = ২৯ রান (৬২ বল) [২য় ইনিংস]
মার্নাস লাবুশেন (২০২৬)  ─────────> ৩৭ রান (৫৮ বল) [১ম ইনিংস] = ৩৭ রান (৫৮ বল) [২য় ইনিংস]

লাবুশেনের দীর্ঘ রানের খরা

রেকর্ড বইয়ে স্থান পেলেও লাবুশেনের রানখরা অস্ট্রেলিয়া দলের চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। টেস্টে তাঁর ব্যাটে শতকের খরা গড়িয়েছে টানা ৪৪ ইনিংসে। ২০২৩ সালের জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ধারাবাহিক ব্যর্থতার কারণে ২০২৫ সালে অস্ট্রেলিয়া দল থেকে বাদও পড়েছিলেন। পরবর্তীতে কুইন্সল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরলেও জাতীয় দলে ফেরার পর ১৫ ইনিংসে পেয়েছেন মাত্র দুটি অর্ধশতক।

রেনশ’র ১৯০ রান ও অস্ট্রেলিয়ার আধিপত্য

লাবুশেন বড় ইনিংস গড়তে না পারলেও ডারবান টেস্টে শক্ত অবস্থানে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। একপর্যায়ে ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া অসিদের প্রথম ইনিংসে উদ্ধার করেন ম্যাট রেনশ। তাঁর অনবদ্য ১৯০ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা।পরবর্তীতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নের সমন্বয়ে গঠিত পেস ও স্পিন আক্রমণে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
 
দ্বিতীয় ইনিংসেও ম্যাট রেনশ ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ১২ বলে ৪টি ছক্কাসহ ৩২ রানের টর্নেডো ইনিংস খেলে ৫.৪১ রান রেটে ৩১৪ রান তুলে ইনিংস ঘোষণা করেন। 
 
৪২১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জশ হ্যাজলেউডের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন (২) এবং থিতু হতে যাওয়া ডেভিড বেডিংহামকে (৪৬) আউট করে অজিদের চালকের আসনে বসিয়ে দেন হ্যাজলেউড। ৪ উইকেটে ১০২ রান নিয়ে পঞ্চম দিনে যখন খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা, ৩১৯ রান করার চ্যালেঞ্জ থাকবে তাদের সামনে। তুলনায় অস্ট্রেলিয়ার কাজটা সহজ, আর ৬ উইকেট চাই ডারবান টেস্ট জিততে।