পদ্মা-যমুনায় অভিযানে ৪ জেলের কারাদণ্ড

মা'ইলিশ রক্ষায় অভিযানের মানিকগঞ্জের শিবালয়ে যমুনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চার জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা'ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

অভিযানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শেখ মনিরুল ইসলাম মনির, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিবালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সদস্য, বাংলাদেশ কোস্ট গার্ড এবং শিবালয় নৌ পুলিশের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।