রাস্তা বন্ধ, প্রতিবেশীর ঘর ভেঙে দাফন

প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার পথ বন্ধ থাকায় টাঙ্গাইলের কালিহাতীতে ঘরের একাংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের রাস্তা তৈরি করতে হয়েছে। পরে সেই পথ দিয়েই দাফন করা হয় আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির মরদেহ। উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে স্থানীয়দের সহায়তায় আব্দুল সালামের মরদেহ দাফন করা হয়। তিনি ওই গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার পথ বন্ধ থাকায় মরদেহ নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না।

গ্রামের মাতবর মোজাফফর হোসেন জানান, কবরস্থানে যাওয়ার রাস্তা খুলে দিতে প্রতিবেশীদের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি।

আব্দুল সালামের ভাই ও পুলিশ সদস্য আবু সাঈদ বলেন, রবিবার সকালে মরদেহ কবরস্থানে নেওয়ার চেষ্টা করা হলে রাস্তা বন্ধ থাকায় বাধার মুখে পড়তে হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘরের একটি অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে। এরপর সকাল ১১টার দিকে মরদেহ দাফন সম্পন্ন হয়।

স্থানীয়দের দাবি, বিলপালিমা বর্তা বিল এলাকার প্রায় ১০০ বছরের পুরনো চলাচলের পথ নিয়ে বিরোধের সূত্রপাত। এ বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে রাস্তাটি বন্ধ রয়েছে। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, রাস্তার ওপর ঘর নির্মাণ করায় মরদেহ নিয়ে কবরস্থানে যাওয়া যাচ্ছিল না। পরে এলাকাবাসী ঘরের একটি অংশ ভেঙে চলাচলের ব্যবস্থা করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। মরদেহ দাফন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।