আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬

কেরানীগঞ্জে অগ্নিনির্বাপণ মহড়া

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে  “দুর্যোগের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি”র গুরুত্ব তুলে ধরে কেরানীগঞ্জে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬’ পালিত হয়েছে।

এ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়। শোভাযাত্রার মাধ্যমে দুর্যোগবিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরা হয়। আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, কার্যকর প্রস্তুতি এবং সাধারণ মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অগ্নিনির্বাপণ মহড়ার মাধ্যমে আগুন লাগাসহ জরুরি পরিস্থিতিতে করণীয় এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ ধরনের মহড়া দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দুর্যোগের ঝুঁকি হ্রাস, নিরাপদ জনপদ গঠন এবং দুর্যোগসহনশীল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।