মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর শহরের শকুনি লেকপাড় এলাকায় জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও জানা যায়, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, 'দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।'

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।