গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৩ জন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী ছিল ১ হাজার ৭৪ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৯ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৩ শিশু।
গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১২ জনের।