বাংলাদেশের আগেই জিতে গেলো অস্ট্রেলিয়া

একই দিনে শুরু হওয়ায় আবুধাবি টেস্টের মতো আজ ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ডারবান টেস্টের শেষ দিন। দিনের শুরুতে জয়ের জন্য ৩১৯ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে অস্ট্রেলিয়াকে নিতে হতো ৬ উইকেট। 

দক্ষিণ আফ্রিকা পারেনি। অস্ট্রেলিয়া দুই সেশনে ৬ উইকেট তুলে নিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে গেছে ২১৪ রানে। 

দিনের প্রথম সেশনের শুরুটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পার করেছিলেন এইডেন মার্করাম। উইকেটে টিকে থাকার লড়াইয়ে তাকে যোগ্য সঙ্গ দেন উইয়ান মুল্ডার। পঞ্চম উইকেটে এই দুজন গড়েন গুরুত্বপূর্ণ ৬৯ রানের একটি জুটি। অস্ট্রেলিয়ার আক্রমণ সামলে দারুণ ডিফেন্সিভ ব্যাটিংয়ে স্বাগতিক শিবিরে আশার আলো জ্বেলেছিলেন তারা। কিন্তু ১১০ বল স্থায়ী এই প্রতিরোধ ভেঙে যায় ঠিক লাঞ্চের আগের মুহূর্তে। পেসার জশ হ্যাজলউডের লেগ সাইডের বাইরে করা একটি ডেলিভারি ডিফেন্ড করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুল্ডার।

মুহূর্তের মধ্যেই আরেকটি বিপর্যয় নেমে আসে প্রোটিয়া শিবিরে। হ্যাজলউডের পর ক্রিজে এসেই সফল হন পার্ট-টাইম স্পিনার ম্যাট রেনশ। তার সহজ একটি ডেলিভারিতে আলগা শট খেলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন কাইল ভেরেইন।

৬ উইকেট হারিয়ে ১৬৬ রান নিয়ে লাঞ্চ করতে যায় দক্ষিণ আফ্রিকা। 

বিরতির পর ৪৫ রানের জুটি দাড় করিয়েছিলেন মার্করাম ও ইয়ানসেন। কিন্তু হ্যাজেলউড আঘাত হানেন আবার এবং ১৫ বলের মধ্যে আউট হয়ে যায় প্রোটিয়ারা। 

১৯০ ও ৮২ রানের সাথে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটের জন্য ম্যাচ সেরা হয়েছেন ম্যাট রেনশ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৮ অক্টোবর থেকে পোর্ট এলিজাবেথের গ্রিকুয়াতে।