ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তঘেঁষা ধলাই নদীতে বিষ প্রয়োগ করে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন স্থানে প্রচুর মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা মশারি ও জাল নিয়ে নদীতে নেমে মাছ সংগ্রহ করতে শুরু করেন।

তবে বিষক্রিয়ায় মারা যাওয়া এসব মাছ খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। অন্যদিকে, এভাবে নির্বিচারে মাছ নিধনের কারণে নদীর জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা করছেন পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র ও দুর্বৃত্তরা রাতের আঁধারে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে। এতে বাঘাইর, মৃগেল, চিংড়ি, বাইম, গুলশা, মলা-ঢেলা ও পুঁটিসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ মারা যাচ্ছে।

নদী থেকে মাছ সংগ্রহ করতে আসা জয়নাল মিয়া জানান, ধলাই নদীতে প্রতিবছরই বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে। তাঁরা প্রায়ই নদী থেকে এসব মরা মাছ বাড়িতে নিয়ে রান্না করে খান। তবে নদীতে এভাবে মাছ নিধনকে অপরাধ উল্লেখ করে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাকুর আহমেদ বলেন, বিষ প্রয়োগে মারা যাওয়া মাছ রান্না করলেও বিষের প্রভাব পুরোপুরি নষ্ট হয় না। এসব মাছ খেলে মানবদেহের কিডনি ও স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন অত্যন্ত নিন্দনীয় অপরাধ।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ ধরনের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।