জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে, টাউনহল চত্বর থেকে পূণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ জেলা ও মহানগরের জাতীয় শ্রমিক পার্টি, মহিলা পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ, যুব সংহতির নেতারা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা একটি কাপুরুষোচিত হামলা। এই হামলার মাধ্যমে বর্তমান সরকারের দুর্বলতাই দৃশ্যমান হয়েছে। বর্তমান সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এই সরকারও বেশিদিন দেশ চালাতে পারবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে যারা হামলা করেছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর যদি এতে ব্যর্থ হয়, তাহলে ধরে নিবো সরকার মব সৃষ্টিকারীদের লালন পালন করে। এসময় বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে সব দলকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য গত ১২ অক্টোবর দুপুরের দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাসায় হামলার ঘটনা ঘটে।