পারল না বাংলাদেশ, জয়ের সমান ড্র আফগানিস্তানের

৮ উইকেট তুলে নিলেও শেষপর্যন্ত আফগানিস্তানকে অলআউট করতে পারলো না বাংলাদেশ। আবুধাবি টেস্ট জয়ের সমান ড্র করলো আফগানিস্তান। 

৪৭৯ রানের পাহাড় সমান রান তাড়া করতে নেমে ১৪২ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩৪৬ রান তুলে ড্র করেছে আফগানরা। 

টেস্টের পঞ্চম দিনে বোলাররা খুব একটা সুবিধা পাননি। বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান খুব একটা টার্নের দেখাও পাননি। তারপরও এবাদত আর মিরাজ মিলে জয়ের সুযোগ তৈরি করেছিলেন। 

তবে শেষ ঘণ্টায় চাপটা নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। পর পর দুই রানআউট মিস, মিরাজের বলে হাসান মাহমুদের ডিপে সহজ ক্যাচ মিস করলে আফগানিস্তান সুযোগ পেয়ে যায়।

দ্বিতীয় ইনিংসের ১২২তম ওভারে দুটি রানআউট মিস করেছে বাংলাদেশ। এরপর আরও ২০ ওভার খেলা হয়েছে। তখন রানআউট করতে পারলে এই ম্যাচের চেহারা অন্যরকম হতে পারত।

তবে আফগানিস্তানের ব্যাটসম্যানরাও দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে সেদিকুল্লাহ আতাল। ৫১৪ মিনিট ব্যাট করে ৩৩২ বল খেলে ১১১ রান করেছেন। মূলত তার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংই আফগানিস্তানকে আত্মবিশ্বাসী করে তোলে ম্যাচ বাচাতে।

২৮১ রানে আতাল আউট হওয়ার পর ইয়ামিন আহমেদজাই অসাধারণ দৃঢ়তা দেখান। প্রায় দুঘণ্টায় ৮৫ বলে ১৯ রান করেন। ৩২৬ রানে তিনি আউট হওয়ার পর ৫ ওভার কাটিয়ে দিয়েছেন কায়েস আহমেদ। ছক্কা মেরে শেষ করেন তিনি। ৮০ বলে ৪৯ রান করে অপরাজিত থেকে যান তিনি। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭ ডি.

আফগানিস্তান: ২৪০ ও ১৪২ ওভারে ৩৪৬/৮ (আতাল ১১১, রহমত ৫১, কায়েস ৪৯*, শহীদি ৩৬, আলীখিল ৩৩; ইবাদত ৩/৫০, মিরাজ ৩/৭৩, হাসান ১/৬৬, তাইজুল ১/১১২)।

ফলাফল: ড্র

ম্যাচসেরা: লিটন দাস