টিভি ও চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত অভিনেতা এখন অনেকটা মতিভ্রম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। এর আগে বেশ কয়েকবার তাকে মারধরের শিকার হতে হয়েছে। এবার এই অভিনেতাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়ি ফিরে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।
এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মচারী ও সমু চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।