ভোলায় ভিডিও বিতর্কে ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

ভোলায় এক নারীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার কথা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আব্বাস উদ্দিনের দাবি, ভিডিওতে থাকা নারী তার স্ত্রী। কয়েক মাস আগের ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিব স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা দক্ষিণ শাখার যুগ্ম সম্পাদক মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১১ অক্টোবর) আব্বাস উদ্দিনের পদ স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি। কমিটির প্রধান করা হয় ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি আব্বাস উদ্দিন স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে আব্বাস উদ্দিন বলেন, ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। যে মুঠোফোনে ভিডিওটি সংরক্ষিত ছিল, সেটি সম্প্রতি চুরি হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে তিনি দুঃখপ্রকাশও করেছেন।