চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মো. রুবেল, উপজেলা সমবায় কর্মকর্তা ওবাইদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, ইপসার উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রেডিও অপারেটর মিঠু কুমার দাশ। এ ছাড়া ইপসাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঁশখালী একটি দুর্যোগপ্রবণ এলাকা। বিভিন্ন দুর্যোগে এ অঞ্চলের মানুষ নানা ধরনের ক্ষতির শিকার হন। তাই দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন থাকতে হবে। সম্প্রতি বন্যায় বাঁশখালীতে সৃষ্ট ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তাঁরা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন সময়ে আগুন লাগলে কীভাবে তা নির্বাপণ করতে হয়, তা প্রদর্শন করা হয়।
প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।