বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়াতে পারেনি। ফলে বর্তমানে যে সাময়িক সংকট দেখা দিয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা খুব শিগগিরই নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কেরাণীগঞ্জের চরকুন্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত সমাজ ও মাদকমুক্ত ভবিষ্যৎ’ শীর্ষক সচেতন অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমান উল্লাহ আমান আরও বলেন, তারেক রহমান নিজেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হতে হবে। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ এবং গ্যাস ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা হালিমা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা শামীমা পারভীন, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা রওসানারা, বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী শামসুল ইসলাম, মো. আলমগীর হোসেন খান এবং মো. জহিরুল হক জহির প্রমুখ।
পরে আমান উল্লাহ আমান চর সোনাকান্দা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।