সিংগাইরে জানালার গ্রিল কেটে ২৭ লাখ টাকার মালামাল লুট

মানিকগঞ্জের সিংগাইরে একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা, প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিংগাইর পৌরসভার আজিমপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক মো. ফারুক হোসেন (৫২) সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসায় তালা লাগিয়ে অফিসের উদ্দেশে বের হন ফারুক হোসেন। দুপুর ১টার দিকে বাসায় ফিরে তিনি জানালার গ্রিল কাটা দেখতে পান। পরে ঘরে ঢুকে আলমারি খোলা অবস্থায় দেখতে পান এবং মালামাল চুরির বিষয়টি বুঝতে পারেন।

ফারুক হোসেনের অভিযোগ, চোরেরা বাসা থেকে নগদ ৬০ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের হার, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও দুই জোড়া স্বর্ণের চুড়ি নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় ১৪ ভরি, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্রও খোয়া গেছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ২৭ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।

ভুক্তভোগী জানান, বাসায় ফিরে চুরির বিষয়টি জানার পর আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছেন। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য পাননি তিনি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম-৩ বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি বার্তা পেয়েছি। দ্রুত তদন্ত করে দেখছি।’