পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস উদযাপন করা হয়। এ বছর ৫৭তম বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
এ বছর এসডিজি গোল-৭ : ‘সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’কে প্রাধান্য দেওয়া হয়েছে। এই প্রতিপাদ্যের মধ্যে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। তা হলো জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়, সেই জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব। এসডিজি ৭ অর্জনের লক্ষ্যে একটি উন্নত, টেকসই ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য সামগ্রিকভাবে প্রয়োজন একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সম্মিলিত উদ্যোগ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান একটি কার্যকর ও বাস্তবভিত্তিক হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানিতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
এ চ্যালেঞ্চ মোকাবিলায় জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই ইতিমধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস বা মান প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। উল্লেখ্য, বিএসটিআই ইতিমধ্যে ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস বা মান প্রণয়ন করেছে।
পণ্যের মান যাচাইয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে স্থাপিত সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরিতে রয়েছে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সান সিমুলেটর, যার মাধ্যমে ১ হাজার ওয়াট ক্ষমতা পর্যন্ত সোলার প্যানেল পরীক্ষা করা সম্ভব। আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ এবং উচ্চমানের আলোক উৎস ও ক্যালিব্রেটেড যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ল্যাবরেটরিটি সোলার প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মানের নির্ভরযোগ্য পরীক্ষণ নিশ্চিত করছে।
বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান, বিটিআরসির মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১০টা ৫০ মিনিটে বিএসটিআইয়ের উদ্যোগে অফিসার্স ক্লাব ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।