ক্যারমে প্রথম বিদেশি কোচ

বাংলাদেশের ক্যারমে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কোচ। আগামী নভেম্বর-ডিসেম্বরে ইতালিতে অনুষ্ঠেয় নবম ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ভারতের অভিজ্ঞ ক্যারম খেলোয়াড় ও কোচ আরোকিরাজ রেমন্ডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্যারম ফেডারেশন। তবে তার দায়িত্বের মেয়াদ হবে মাত্র এক মাস। ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মুহসীন জানান, আগামী ১৫ অক্টোবর থেকে দায়িত্ব পালন শুরু করবেন আরোকিরাজ। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের তরুণ ক্যারম খেলোয়াড়দেরও প্রশিক্ষণ দেবেন তিনি। মহিউদ্দিন মুহসীন বলেন, ‘১৫ অক্টোবর নতুন এই কোচ দায়িত্ব নেবেন। এক মাসের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ক্যারমে প্রথম বিদেশি কোচ। তিনি জাতীয় দলকে এবং পাশাপাশি আমাদের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন।’

ভারতের চেন্নাইয়ের বাসিন্দা আরোকিরাজ রেমন্ডের রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের অভিজ্ঞতা। ১৯৯১ সালের ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশিপে দ্বৈত ও দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন তিনি। একই আসরে এককে পেয়েছিলেন রৌপ্যপদক। চার বছর পর, ১৯৯৫ সালের আসরে দলীয়, একক ও দ্বৈত তিন ইভেন্টেই রৌপ্যপদক জেতেন এই ভারতীয়। খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি কোচিংয়েও অভিজ্ঞতা রয়েছে আরোকিরাজের। তিনি মালদ্বীপ ও যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যারম দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।