ড্রয়ের মিছিলে একমাত্র সাফল্য চট্টগ্রামের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৭ এএম

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে একমাত্র জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। বরিশালকে ইনিংস ও ১ রানে হারিয়েছে তারা। অন্যদিকে, জয়ের সম্ভাবনা জাগিয়েও ময়মনসিংহের বিপক্ষে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর সাব্বির রহমানের সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে ম্যাচ বাঁচিয়েছে রাজশাহী। ব্যাটারদের দাপটে ঢাকা ও সিলেটের ম্যাচটিও শেষ হয়েছে অমীমাংসিতভাবে। চার ম্যাচের তিনটিই ড্র হয়েছে এই রাউন্ডে।

কক্সবাজারে ইনিংস হারের শঙ্কা নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল বরিশাল। ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা দলটি রাফসান আল মাহমুদ ও মইনুল ইসলামের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৮০ রানের জুটি। তবে ৭২ রান করে রাফসান ফিরতেই আবারও বিপর্যয়ে পড়ে বরিশাল। হাসান মুরাদ ও মোহাম্মদ রুবেলের স্পিনে শেষ ছয় উইকেট হারায় মাত্র ৫৪ রানে। তাতে ২৯৩ রানে গুটিয়ে যায় বরিশাল। চট্টগ্রামের হয়ে পাঁচ উইকেট নেন আশরাফুল হাসান। মুরাদ ও রুবেল পান দুটি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে মইন খানের ৯৭ ও জাওয়াদ আবরারের ৬৩ রানে ২৮২ রান করেছিল বরিশাল। জবাবে সাদিকুর রহমানের ১৪৯ ও মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৫৭৬ রান তুলে ২৯৪ রানের লিড পায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত ইনিংস ও ১ রানের জয় নিশ্চিত করে তারা।

সিলেটে ময়মনসিংহের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি রংপুর। শেষ দিনে ৬ উইকেটে ১৯৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে আরও ৫০ রান যোগ করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক আকবর আলী। ময়মনসিংহের লক্ষ্য দাঁড়ায় ৩৭৩ রান। মাহফিজুল ইসলাম রবিনের ৬৮ রানের পর ৯৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে আব্দুল মজিদ ও আল আমিন জুনিয়রের ৯৩ রানের জুটি রংপুরের জয়ের আশা শেষ করে দেয়। ৪ উইকেটে ১৮৯ রান থাকা অবস্থায় দুই অধিনায়কের সম্মতিতে ড্র হয় ম্যাচ। প্রথম ইনিংসে মিম মোসাদ্দেকের ১৫৭ রানে ৪২২ রান করে ইনিংস ঘোষণা করেছিল রংপুর। পরে ২৯৫ রানে অলআউট হয় ময়মনসিংহ।

পাশের মাঠে সিলেটে ঢাকা ও সিলেটের ম্যাচে দেখা গেছে পাঁচটি সেঞ্চুরি। ঢাকার হয়ে প্রথম ইনিংসে মার্শাল আইয়ুব ১৭৫, মোহাম্মদ নাঈম শেখ ১৩৭ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১০৮ রান করেন। ঢাকা ৬ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করলে আশরাফুল হাসান রিয়াদের ১২২ রানে ৪৯৬ রান করে সিলেট। দ্বিতীয় ইনিংসে আশিকুর রহমান শিবলীর অপরাজিত ১০১ রানে ৬ উইকেটে ২১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্য পাওয়া সিলেট। শেষ দিনে দুই ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ২ রান তোলার পর ড্র মেনে নেয় তারা।

এনসিএলের তৃতীয় রাউন্ড ১৮ অক্টোবর থেকে শুরু হবে, চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত