অভিষেক শর্মাকে টপকে বিশ্বরেকর্ড পাকিস্তানের নতুন কাপ্তানের

পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম হোম সিরিজ কেবল দলকে সিরিজেই জেতালেন না, ব্যাট হাতে রানের ফুলঝুরি ফুটিতে বিশ্বরেকর্ডের পাতায় নিজের নামও সাহিবজাদা ফারহান। তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৩৮ রানের রেকর্ড গড়ে ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মাকে পেছনে ফেলেছেন পাকিস্তানের এই ৩০ বছর বয়সী ব্যাটার। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দলের হারের দিনেও টানা তৃতীয় ফিফটি হাঁকিয়ে বিশ্বরেকর্ড নিজের নামে করেন ফারহান। আগের দুই ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে রেখেছিল পাকিস্তান। সেখানে শেষ ম্যাচে ৮ উইকেটের দারুণ জয় হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচায় লঙ্কানদের। স্বাগতিকদের দেয়া ১৬৮ রানের লক্ষ্য ১৭ বল হাতে রেখেই অনায়াসে টপকে যায় শ্রীলঙ্কা। 

সিরিজের শেষ ম্যাচে দল হারলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট পাকিস্তানি অধিনায়ক ফারহান। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে নিজের ধারাবাহিকতা এবং জয়ের মানসিকতা নিয়ে তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আমরা চমৎকার লক্ষ্য নির্ধারণ করেছিলাম, আজকেও আমাদের একই পরিকল্পনা ছিল। তবে এটি ক্রিকেট, যেকোনো কিছুই হতে পারে। মূল চেষ্টা থাকে নিজের ধারাবাহিকতা ধরে রাখা। আমি যখন ভালো পারফর্ম করি, পরের ম্যাচে ভালো করার জন্য আরও বেশি মনোযোগ দিই। সবসময় ফর্মে থাকা সম্ভব নয়, তাই ফর্ম থাকলে তার পুরোটা কাজে লাগাতে চাই।’ 

এদিকে চলতি বছরই আফগানিস্তানের বিপক্ষে ২২৯ রান করে তিন ম্যাচের পূর্ণ সদস্য দলের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন অভিষেক। তবে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪৭ বলে ৭৬ রান করে সেই রেকর্ড নিজের করেন ফারহান। 

পুরো সিরিজে ৭৯.৩৩ গড় ও ১৬৫.২৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিন ম্যাচের তিনটিতেই ফিফটি তুলে নেন পাকিস্তানের এই নতুন অধিনায়ক। এর আগে প্রথম ম্যাচে ৫৩ বলে ৮৯ ও দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে ৭৩ রান করেছিলেন তিনি।

এক নজরে ৩ ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান (আইসিসি পূর্ণ সদস্য)

সাহিবজাদা ফারহান (পাকিস্তান): ২৩৮ রান (প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০২৬)

অভিষেক শর্মা (ভারত): ২২৯ রান (প্রতিপক্ষ আফগানিস্তান, ২০২৬)

কলিন মুনরো (নিউজিল্যান্ড): ২২৩ রান (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০১৭-১৮)

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ২১৭ রান (প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০১৯)

হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান): ২০৪ রান (প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ২০১৯)