এবারের দুর্গাপূজায় আনন্দে হাসির খোরাক নিয়ে আসছে রোমান্টিক-কমেডি ঘরারার নাটক ‘কাজের মেয়ে কারিশমা’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় ইউটিউব চ্যানেল ‘সিনেপ্লাস’-এ নাটকটি মুক্তি পাবে বিশেষ এই নাটকটি।
ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথী। বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত। এতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ, সাবরিনা জারিন মিতুসহ অনেকেই।
পরিচালক ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, ‘রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকটিই আমার প্রথম লেখা ও নির্মাণ। এর আগে আমার কাজগুলো সাধারণত জীবনবোধ, সাহিত্য ও কবিতাভিত্তিক ছিল, তবে এবারের কাজটা একেবারেই বিপরীত। কাজটি করতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি এবং শিল্পীরাও অসাধারণ অভিনয় করেছেন। আশা করি, দর্শক নাটকটি খুব উপভোগ করবেন।’
‘কারিশমা’ চরিত্রটি নিয়ে অভিনেত্রী শায়লা সাথী বলেন, ‘চরিত্রটি একেবারেই ভিন্নমাত্রার। একটি বিশেষ উদ্দেশ্যে খুব আধুনিক এক মেয়ে কাজের মেয়ে সেজে ওই বাসায় আসে। পুরো গল্পটি হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায়। শুটিংয়ের সময় আমরা পুরো টিম দারুণ মজা করেছি। আশা করি, দর্শকরা এবার একদম ব্যতিক্রমী ও নির্ভেজাল বিনোদন পাবেন।’
নাটকের অপর প্রধান চরিত্র রূপায়ণকারী অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত বলেন, ‘অনেক দিন পর দারুণ ও ভিন্নধর্মী একটি স্ক্রিপ্টে কাজ করলাম। নির্মাতা আমাদের দারুণ সাপোর্ট দিয়েছেন এবং তার সাথে কাজের অভিজ্ঞতাও খুব সুন্দর। দর্শকের জন্য এটি একটি পরিপূর্ণ ও উপভোগ্য প্রযোজনা হবে।’
উৎসবের আবহকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে ‘কাজের মেয়ে কারিশমা’ নাটকটি দর্শকহৃদয়ে এক চিলতে হাসির খোরাক যোগাবে বলে আশা প্রকাশ করছে পুরো টিম। সামাজিক প্রেক্ষাপটের ভেতরে লুকিয়ে থাকা চমৎকার এই হাস্যরসাত্মক গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে—এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।