চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাংবাদিক মো. রিফাত রহমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অনিক চক্রবর্তীর পক্ষে চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী ইমতিয়াজ আহমেদ উজ্জ্বল এ নোটিশ পাঠান।
নোটিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৪ তারিখে নোটিশটি পাঠানো হয়। রিফাত রহমান চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার বাসিন্দা ডা. জালাল উদ্দিনের ছেলে।
নোটিশে উল্লেখ করা হয়, অনিক চক্রবর্তী এখন টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, বাংলা ট্রিবিউন ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ অনুযায়ী, গত ১১ অক্টোবর রিফাত রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে অনিক চক্রবর্তীর বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেন। এতে তাঁকে ইসকনের সদস্য হিসেবে উল্লেখ করার পাশাপাশি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে ৪২টি অবৈধ দোকান বসিয়ে ব্যবসা, মাদক কেনাবেচা ও ইভ টিজিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়।
তবে নোটিশে এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। এতে বলা হয়, অনিক চক্রবর্তী ইসকনের সদস্য নন এবং কলেজের সামনে ২২টি বৈধ দোকান রয়েছে, যেগুলো পৃথক মালিকের মাধ্যমে পরিচালিত হয়। এসব তথ্য প্রচারের মাধ্যমে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে উপযুক্ত জবাব দিতে রিফাত রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।