সোমেশ্বরীতে নৌকা ডুবে বালু শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় শ্রমিকের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে মায়ের সঙ্গে সকালে নদীতে বালু তুলতে গেলে নৌকা ডুবে নদীতে নিখোঁজ হয় এমদাদুল।

নিহত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় করে সোমেশ্বরী নদী থেকে বালু তুলতে বাড়ি থেকে বের হন এমদাদুল। বিরিশিরি ঘাট এলাকায় আসলে নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় এমদাদুলের মা রোকেয়া খাতুন সাঁতরে পাড়ে উঠলেও ছেলে এমদাদুল পানিতে তলিয়ে যান।

ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নৌকাটিতে মা ও ছেলে দুজনই ছিলেন। মায়ের সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।