কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী অভিযানে ৯২০টি ইয়াবা বড়ি ও নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে তার স্বামী লিটন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাড়ির একটি আলমারি থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, লিটন মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।