ইউনিয়ন পর্যায়ে মিনি স্টেডিয়াম হচ্ছে: রোকন উদ্দিন বাবুল এমপি

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এমন তথ্য জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

এ তথ্য জানিয়ে তিনি বলেন, খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায়ে স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে।

 ​বুধবার (১৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​এমপি রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতির সঠিক বিকাশের মাধ্যমে সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমির উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পর্যায়ক্রমে সংগীত চর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে এবং অন্তত একটি করে সংগীত ক্লাসের ব্যবস্থা করা হবে।

​সার ডিলারদের সিন্ডিকেট ও অনিয়ম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের কার্যক্রম গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তদন্তে কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম প্রমাণিত হলে সেই ডিলারশিপ বাতিল করে তাৎক্ষণিকভাবে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

​কমলাবাড়ী কাশফুল স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং শামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান এবং কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম সরকার জুয়েল প্রমুখ।