কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২টি পূজামণ্ডপে মোট ১৩ হাজার ২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে ৬০০ কেজি করে এ চাল দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।
হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ চাল বিতরণ করা হয়। উপজেলার পূজামণ্ডপগুলোর সভাপতিদের মধ্যে অনুদানের চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, সহকারী প্রোগ্রামার তাহমিদ শাকিল, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনীল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বলরাম কর্মকারসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতারা।