তিন দিন বন্ধ থাকবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব সেবা

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নীত করার জন্য তিন দিন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে। আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির সেবা বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ অক্টোবর) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের ডেটাবেজ সার্ভার, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ও ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার উন্নীত করার জন্য এ ডাউনটাইমের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকটির কোর ব্যাংকিং সিস্টেমের অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ১১জি থেকে ১২সি এবং ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার ওরাকল ১১জি থেকে ১৯সি সংস্করণে উন্নীত করা হবে। এ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রাহকদের মধ্যে পর্যাপ্ত প্রচার-প্রচারণা অব্যাহত রাখার শর্তে ব্যাংকটিকে এ অনুমতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, নির্ধারিত সময়ে ব্যাংকটির সব ধরনের সেবা বন্ধ থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন ও অন্যান্য কার্যক্রম আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।