সোনালী ব্যাংকের সব সেবা আগামীকাল রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টা বন্ধ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) হালনাগাদের জন্য আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) এ বিষয়ে জারি করা এক সার্কুলারে ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, সোনালী ব্যাংকের ‘ইন্টেলেক্ট সিবিএস ১০.০০’ সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘১৯সি’তে উন্নীত করার জন্য এ অনুমোদন দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টায় সেবা বন্ধের কার্যক্রম শুরু হবে, যা চলবে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ সময়ে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, নির্ধারিত ডাউনটাইম শেষে কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকলে ১৭ অক্টোবর থেকে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও বিভিন্ন সেবা পুনরায় চালু হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে এ বিষয়ে পর্যাপ্ত প্রচার চালিয়ে যাওয়ার শর্তে সোনালী ব্যাংককে এ অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত