রাজধানীর ধানমন্ডি এলাকার ফুটপাতে এক ব্যক্তিকে মারধর করা যুবক খালিদ হাসানকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে খালিদকে আটক করে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৫ দিনের সাজা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়। একই সঙ্গে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল হাইকে কর্তব্যে অবহেলার অভিযোগে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, গত সোমবার দুপুরে ধানমন্ডির সাতমসজিদ রোডের ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগে খালিদকে আটক করা হয়। বয়স্ক ব্যক্তিকে রাস্তায় মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ঘটনাটিকে ‘মব’ হিসেবে উল্লেখ করে নানা আলোচনা ও দাবি উঠেছে।