মানবতাবিরোধী অপরাধ

১০ বছর সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন ইনু

গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় ১০ বছর কারাদ-াদেশপ্রাপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন। তিনি এ সাজা থেকে খালাসের আরজি জানিয়েছেন। গত মঙ্গলবার সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে গতকাল বুধবার জানান তার আইনজীবী সিফাত মাহমুদ। তিনি বলেন, মোট ২৩টি গ্রাউন্ড (যুক্তি) তুলে ধরে খালাসের আরজি জানানো হয়েছে। এর আগে ইনুর মৃত্যুদ- চেয়ে গত ৫ অক্টোবর আপিল বিভাগে আপিল করেছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

গত ৩০ জুন ইনুকে তিন অভিযোগে পৃথকভাবে ১০ বছর করে ৩০ বছর কারাদ-াদেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আরোপিত সব সাজা যুগপৎ চলবে অর্থাৎ ইনুকে ১০ বছর কারাবাস করতে হবে। সাজার পাশাপাশি দুই পৃথক অভিযোগে তাকে এক লাখ করে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় রায়ে। এ মামলায় ইনুর বিরুদ্ধে আনা ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মধ্যে তিনটিতে তার সাজা হলেও পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেয় ট্রাইব্যুনাল।