উন্নয়নশীল বিশ্বে ৮০ কোটি তরুণের কর্মসংস্থান অনিশ্চিত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই কোনো কর্মসংস্থান খুঁজে পাবে না। দেশগুলো এখনই নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে এই বিশাল তরুণ জনগোষ্ঠী চাকরিহীন ভবিষ্যতের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ইউএনডিপি।

জাতিসংঘের অফিশিয়াল ব্রডকাস্টার ইউএন ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচারিত সদর দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে গত মঙ্গলবার এই বিশ্বজনীন সতর্কবার্তা দেন সংস্থাটির প্রধান আলেকজান্ডার ডি ক্রু। থাইল্যান্ডের ব্যাংককে চলমান বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভার সাইডলাইন থেকে তিনি ভার্চুয়ালি এই প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তিনি ইউএনডিপির নতুন নীতিগত প্রতিবেদন ‘নো টাইম টু রিকভার’-এর মূল রূপরেখা তুলে ধরেন। বৈশ্বিক জনসংখ্যার দ্রুত বৃদ্ধির চার্ট ও প্রযুক্তির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘যদি নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ এখনই না নেওয়া হয়, তবে এই সংকট নিজে থেকে সমাধান হবে না। উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ মানুষের গড় বয়স ১৮ থেকে ২৫ বছর, যা একটি বড় চ্যালেঞ্জ।’ বিশ্বব্যাপী চলমান ‘ত্রিমুখী ধাক্কার’ (উচ্চ ঋণ পরিশোধ, তীব্র এল নিনো এবং জ্বালানি সংকট) বিষয়েও আলোকপাত করেন ইউএনডিপি প্রধান। তিনি দেখান, বর্তমানে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশগুলো তাদের মোট রাজস্ব আয়ের ৯ দশমিক ৫ শতাংশই ব্যয় করছে ঋণের সুদ মেটাতে, যা উচ্চ আয়ের দেশের তুলনায় তিনগুণ এবং গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এই ধারা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে নতুন করে আরও ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এই সংকট মোকাবিলায় ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপ, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে ইউএনডিপির দুটি নতুন বৈশ্বিক ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘ইনভেস্টমেন্ট অ্যাক্সিলারেটর’ ও ‘জবস ফর প্রসপারিটি ফ্যাসিলিটি’র আনুষ্ঠানিক লোগো ও সøাইড উন্মোচন করেন তিনি। ইতিমধ্যে নেপাল, ইয়েমেন, হাইতি, লেবানন ও ঘানায় এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে। ব্রিফিংয়ের শেষ অংশে জাতিসংঘ সদর দপ্তরে উপস্থিত সাংবাদিকদের স্ক্রিনের মাধ্যমে সরাসরি বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডি ক্রু।