বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন মাইলফলক হিসেবে দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) ও বিদেশি নাগরিকরা এখন তাদের অফশোর ব্যাংকিং হিসাবের অর্থ আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন, কেনাকাটা ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধাও পাবেন। গতকাল বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে অফশোর ব্যাংকিং সেবায় প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক ডেবিট কার্ড যুক্ত হওয়ায় গ্রাহকরা তাদের অফশোর হিসাবের অর্থ সরাসরি দৈনন্দিন আন্তর্জাতিক লেনদেনে ব্যবহার করতে পারবেন। ফলে অফশোর ব্যাংকিং সেবা আরও ডিজিটাল, ব্যবহারবান্ধব ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের পরিবর্তিত আর্থিক চাহিদা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে আমরা অফশোর ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করছি। বাংলাদেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু হওয়া এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পূবালী ব্যাংক মাস্টারকার্ড অফশোর ব্যাংকিং ওয়ার্ল্ড ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা, সহজ পেমেন্ট ব্যবস্থা এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। এর ফলে অফশোর ব্যাংকিং সেবা আরও সহজ ও ব্যবহারবান্ধব হবে।’