দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে পিকেএসএফ। গত ১৩ অক্টোবর অর্থ বিভাগের পক্ষে যুগ্ম সচিব মোছা. নাজনীন সুলতানা এবং পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান এ চুক্তিপত্রে সই করেন। গতকাল বুধবার সংস্থার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ উদ্যোগের আওতায় পিকেএসএফ সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। এ লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’ নামে একটি বিশেষায়িত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর উদ্দেশ্য সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন সহজ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করা। পিকেএসএফের এ উদ্যোগ পরিবেশবান্ধব জ্বালানির প্রসার, বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎসের ব্যবহার এবং টেকসই উন্নয়নে বেসরকারি পর্যায়ের অংশগ্রহণ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।