ইন্তারের লজ্জা বায়ার্নের হোঁচট

ইতালির মাটিতে নজিরবিহীন অঘটন আর নরওয়েতে নাটকীয় ড্র, দুই মাঠে একটি বিষয়ে ছিল মিল, জায়ান্টদের হোঁচট। সান সিরোয় বেলজিয়ান ক্লাব ব্রুগার কাছে ৪-৩ ব্যবধানে হেরে ইউরোপিয়ান ফুটবলের অন্ধকার অধ্যায়ে প্রবেশ করেছে ইন্তার মিলান। আর হ্যারি কেইনরা দারুণ লড়াই চালালেও শেষ পর্যন্ত নরওয়ের ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিউনিখকে।

ভাইকিংয়ের হোম গ্রাউন্ডে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ার চরম তিক্ত অভিজ্ঞতা হয় বায়ার্ন মিউনিখের। তবে বিরতির পর একাই বায়ার্নকে খেলায় ফিরিয়ে আনেন কেইন। পরপর দুই গোল করার পাশাপাশি লুইস দিয়াজকে দিয়ে আরেকটি গোল করিয়ে ৩-২ ব্যবধানের লিড এনে দেন এই ইংলিশ স্ট্রাইকার। কিন্তু ম্যাচের ৭৪তম মিনিটে সব সমীকরণ উল্টে দেন বায়ার্নের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। প্রতিপক্ষের আক্রমণ থামাতে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখার পরপরই প্রতিপক্ষ অধিনায়ক জøাতকো ত্রিপিসের মুখে বল ছুড়ে মেরে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্নের ওপর চেপে বসে স্বাগতিক ভাইকিং এবং ৯০তম মিনিটে ব্যাক পোস্ট থেকে নিখুঁত হেডে ৩-৩ সমতা ফেরান বদলি নামা হারমান হাউগেন। ম্যাচটা শেষ হয় সেই স্কোরলাইনেই।